সিলেটে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘আমরা সিলেটবাসী’ নামের একটি সংগঠন। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম বাদ দেওয়ার দাবিতে এই হরতাল ডাকে সংগঠনটি।
গতকাল শনিবার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করে হরতালের ঘোষণা দেন ‘আমরা সিলেটবাসী’র সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক। তিনি বলেন, সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট মহানগরসহ জেলার সব কটি থানায় সর্বাত্মক হরতাল পালন করা হবে।
গত বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিবরিয়া হত্যা মামলার তৃতীয় দফায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে। এতে মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির আরও নয়জনকে নতুন করে অভিযুক্ত করা হয়।
মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির নেতাদের ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে অভিযোগ তুলে গত শুক্রবার সিলেটে সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। সংবাদ সম্মেলন থেকে আজ রোববার সিলেটের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জেলা ও নগর বিএনপি।
বিএনপির দলীয় কর্মসূচির আগেই ‘আমরা সিলেটবাসী’র ব্যানারে হরতাল ঘোষণা করা হলো। হরতাল ঘোষণার আগে সংগঠনটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সমাবেশ করে।