সিলেটে স্কুলভবনের দেয়ালে ফাটল, বিক্ষোভের মুখে ছুটি

১১তলা ভবনের পুরোটাই শিক্ষাপ্রতিষ্ঠান। একটি কক্ষের দেয়ালে ফাটল দেখা যায়। ভূমিকম্পের কারণে এ ফাটল কি না, বিষয়টি পরীক্ষা করার দাবি জানান অভিভাবকেরা। এ দাবি শুনেও নির্বিকার ছিল কর্তৃপক্ষ। পাঠদান শুরু হলে শেষে বাইরে থেকে অভিভাবকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভের মুখে বিদ্যালয় তাৎক্ষণিক ছুটি দেওয়া হয়। আজ মঙ্গলবার ছুটি ঘোষণা করে ফাটল পরীক্ষা করে সংস্কার করার আশ্বাস দেয় কর্তৃপক্ষ।
গতকাল সোমবার সকাল আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিলেট নগরের স্কলার্সহোম নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ অবস্থার সৃষ্টি হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটি নগরে চারটি শাখা দিয়ে পরিচালিত হয়। এর মধ্যে পাঠানটুলা এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে ১১তলা ভবনে স্কলার্সহোমের পাঠানটুলা শাখা। বহুতল এই ভবনে শিশুশ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
শিক্ষার্থীদের বরাত দিয়ে অভিভাবকেরা জানান, গতকাল সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার শ্রেণিকক্ষের দেয়ালে ফাটল দেখতে পায়। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা তখন বিষয়টি তাঁদের শ্রেণিশিক্ষককে জানালেও ফাটল পুরোনো জানিয়ে পাঠদান শুরু করা হয়। ঘটনাটি জানাজানি হলে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে জড়ো হন শতাধিক অভিভাবক।
অভিভাবকেরা জানান, তাঁরা দেয়ালের ফাটল পরীক্ষা না করে পাঠদান শুরু না করার দাবি জানান। এ দাবি শুনেও কর্তৃপক্ষ পাঠদান শুরু করলে সকাল নয়টা থেকে শুরু হয় বিক্ষোভ। ভবনের দেয়ালে ফাটল দেখেছেন, এমন একাধিক অভিভাবক জানান, গত শনি ও রোববার দুদিনের ভূমিকম্পে চতুর্থ তলার একটি শ্রেণিকক্ষের দরজার এক পাশে, পঞ্চম ও ষষ্ঠ তলায় আরও দুটি কক্ষের দেয়ালে ফাটল চোখে পড়ে। তবে বিষয়টি শিক্ষক ও কর্মচারীদের জানানো হলে তাঁরা পুরোনো ফাটল বলে এড়িয়ে যান। অভিভাবকেরা তখন বাইরে বের হয়ে বিক্ষোভ শুরু করেন।
স্কলার্সহোমের অধ্যক্ষ মো. জুবায়ের সিদ্দিকী বলেন, ভবনটি ভাড়া নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানটুলা শাখা পরিচালিত হচ্ছে। ভাড়া নেওয়ার আগে ভবনের যাবতীয় অবকাঠামো পরীক্ষা করা হয়েছে। বিল্ডিং কোড মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছে। ফাটল দেখে প্রকৌশলীরাও বলেছেন, এখানে কোনো ঝুঁকি নেই। এর পরও ফাটল মেরামত করতে এক দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।