সিলেটে স্কুলে বোমাসদৃশ বস্তু, র‍্যাব যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহি ঈদগাহ এলাকার স্কলার্সহোমের সিঁড়ির নিচে আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই শিক্ষার্থী ও প্রতিষ্ঠানে কর্মরতদের নিরাপদে বের করে নেয়। ছবি: প্রথম আলো।
সিলেটের শাহি ঈদগাহ এলাকার স্কলার্সহোমের সিঁড়ির নিচে আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই শিক্ষার্থী ও প্রতিষ্ঠানে কর্মরতদের নিরাপদে বের করে নেয়। ছবি: প্রথম আলো।

সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় অবস্থিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম ক্যাম্পাসে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। বর্তমানে পুলিশ ও র‌্যাব সদস্যরা প্রতিষ্ঠানটি ঘিরে রেখেছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সিঁড়ির নিচে এ বস্তুটি দেখতে পেয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

মহানগরের বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মরত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়। এরপর তারা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব-৯) বস্তুটি উদ্ধারে অনুরোধ জানায়। র‌্যাবের সদস্যরা এসে বস্তুটি প্রত্যক্ষ করে এটি ‘এক্সক্লুসিভ ডিভাইস বা আইডি’ বলে ধারণা করছে। তাই তারা ঢাকায় থাকা র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে বস্তুটি উদ্ধারের জন্য খবর পাঠিয়েছে। ইতিমধ্যে ওই ইউনিট সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা প্রথম আলোকে বলেন, ‘ঢাকা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট রওনা হয়েছে। তারা আসার পর এটি বোমা কি না, তা নিশ্চিত হওয়া যাবে। এ সময় পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিষ্ঠানটি ঘিরে রাখবে।’