সিলেটে স্থায়ী রূপ পেল রিকশা লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে যানজট নিয়ন্ত্রণে সিলেট নগরের কেন্দ্রস্থল সুরমা পয়েন্ট থেকে সিটি পয়েন্ট পর্যন্ত পরীক্ষামূলকভাবে রিকশা লেন চালু করা হয়েছিল। দুই সপ্তাহ বাদে এখন সেই লেন স্থায়ী রূপ পেল।
গতকাল বুধবার থেকে ওই স্থায়ী লেন দিয়ে চলাচল করছে রিকশা। এতে করে রাস্তায় যান চলাচলে শৃঙ্খলা এসেছে। কমেছে যানজটও। পরীক্ষামূলক চালুর সময় দড়ি দিয়ে চিহ্নিত করা স্থানে লোহার শেকল দিয়ে লেন আলাদা করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, রিকশা ও গাড়ির জন্য মহানগর ট্রাফিক, সড়ক ও জনপথ বিভাগকে নিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ পৃথক লেন তৈরি করে দেয়। সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত প্রায় ২৫০ মিটার দূরত্বের এ রাস্তায় ৩ মার্চ থেকে যান চলাচলের জন্য তিনটি লেন তৈরি করা হয়। রিকশা আসা-যাওয়ার জন্য দুটি এবং ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের জন্য একটি লেন তৈরি করা হয়। এই কয় দিনে ওই রাস্তায় যানজট অনেকটাই কমেছে।
গতকাল বেলা ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই দফা সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট এলাকার যান চলাচল পর্যবেক্ষণ করে দেখা গেছে, অধিকাংশ গাড়ি নিয়ম মেনে পৃথক লেন দিয়ে চলছে।
লেন মেনে যান চলাচল তদারকির কাজে নিয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সুমন্ত মালাকার বলেন, ‘ভাগ কইরা কইরা গাড়ি চলায় আগের যানজটের ঠেলা আর সামাল দিতে হচ্ছে না।’
এদিকে একাধিক গাড়িচালক অভিমত দিয়েছেন, সিটি পয়েন্ট থেকে সুরমা পয়েন্টে গিয়েই লেন শেষ না করে আরও ৪০০ মিটার অগ্রসর হয়ে তালতলা পর্যন্ত লেনের পরিধি বিস্তৃত করলে এই ব্যবস্থার আরও সুফল পাওয়া যাবে।
মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, অস্থায়ীভাবে লেন পদ্ধতি চালু করা হয়েছিল। এটি সফল হওয়ায় লেনের ব্যবস্থা স্থায়ী করা হয়েছে। ধাপে ধাপে লেনের পরিধি বাড়ানো হবে।