সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় দেওয়া শিক্ষাগত যোগ্যতার তথ্যে এ চারজনের মধ্যে তিনজনই নিজেকে ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করছেন।
আর উচ্চশিক্ষিত প্রার্থী মাত্র একজন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। তাঁর শিক্ষাগত যোগ্যতা বিএসসি (সম্মান)।
শুধু কোম্পানীগঞ্জ উপজেলায় নয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম দফায় সিলেটের যে ছয়টি উপজেলায় নির্বাচন হচ্ছে, সেগুলোতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় স্বশিক্ষিতের ছড়াছড়িই দেখা গেছে।
ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ২৫ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী বিএনপি ও আওয়ামী লীগের ১০ প্রার্থী তাঁদের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় দেওয়া শিক্ষাগত যোগ্যতা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
কোম্পানীগঞ্জে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল বাছির, বিএনপির সাহাবউদ্দিন ও জাতীয় পার্টির আলী আহমদের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত। ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদেও স্বশিক্ষিত ও ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ প্রার্থীও রয়েছেন।
কোম্পানীগঞ্জে তিনজন নারী ভাইস চেয়ারম্যানের মধ্যে নাসরিন জাহান ছাড়া বাকি সবার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক (অষ্টম শ্রেণী) পর্যন্ত। ভাইস চেয়ারম্যান পদে নয়জনের মধ্যে একজন আইনজীবী। এ ছাড়া স্বশিক্ষিত আরও তিনজন ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন রয়েছেন দুজন। জকিগঞ্জে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী সাতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ-বিএনপির দুই প্রার্থীসহ চারজনের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত। তাঁরা হচ্ছেন জকিগঞ্জের সাবেক মেয়র বিএনপি নেতা ইকবাল আহমদ তাপাদার ও আওয়ামী লীগ-সমর্থিত মো. লোকমান উদ্দীন চৌধুরী। চেয়ারম্যান পদে জাতীয় পার্টির ইউনুস আলী ও শফিকুর রহমান নামের স্বতন্ত্র এক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতাকারীর মধ্যে আর কেউ স্বশিক্ষিত নেই।
স্বশিক্ষিত প্রার্থী আছেন গোলাপগঞ্জ উপজেলায়। চেয়ারম্যান পদে সাতজন প্রার্থীর মধ্যে মজিরউদ্দিন চকলাদার ও নছিরুল হক স্বশিক্ষিত। বাকি পাঁচজনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা এলএলবি ও ছাত্রদলের সাবেক জেলা সভাপতি এমরান আহমদ চৌধুরী বিএসসি (অনার্স)। চেয়ারম্যান পদে অন্য প্রার্থীসহ আটজন ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে বিশ্বনাথে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের তিন চেয়ারম্যান প্রার্থীর। স্বশিক্ষিত একজন, তিনি ফকরুল আহমদ। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ফিরোজ খান পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণী পর্যন্ত। বিএনপির সুহেল আহমদ চৌধুরী দশম শ্রেণী। জামায়াতের মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী শিক্ষাগত যোগ্যতা দাখিল উল্লেখ করেছেন। ভাইস চেয়ারম্যান সাতজন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজনের সবার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পর্যন্ত।
জৈন্তাপুরে চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত কেউ নেই। নয়জন ভাইস চেয়ারম্যান ও সাতজন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত রয়েছে। গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন প্রার্থীর মধ্যে আবু বকর শিক্ষাগত যোগ্যতা দাওরায়ে হাদিস (টাইটেল) উল্লেখ করেছেন। এ ছাড়া চেয়ারম্যান পদে বিএনপির আবদুল হাকিম চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি, আওয়ামী লীগের লুৎফুর রহমানের এলএলবি। ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজনের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পর্যায়ে সীমাবদ্ধ।