সিলেটে স্বাস্থ্যসেবা খাতে লোকবল সংকট প্রকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলায় চিকিৎসক থাকার কথা ২৫৫ জন; আছেন মাত্র ১৬৪ জন। একই ধরনের চিত্র নার্স, স্যাকমো, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট—সব পদের ক্ষেত্রে। লোকবলের অভাবে জেলার স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে।
বিষয়টি স্বীকার করে সিলেটের সিভিল সার্জন মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা প্রদানে কর্মরত চিকিৎসক ও সেবিকাদের ভোগান্তি হচ্ছে। তবে রোগীদের সেবা প্রদানে যেন বিঘ্ন না ঘটে, সেদিকেও লক্ষ্য রাখছেন তাঁরা।
সিলেটে ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২টি হাসপাতাল, ২টি ক্লিনিক, ১টি ডিসপেনসারি, সিভিল সার্জন কার্যালয়, ২৫টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং ৭১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানে অনুমোদিত পদসংখ্যা ও বাস্তবে কর্মরত ব্যক্তির সংখ্যার চিত্র পাওয়া গেল সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান সহকারী মো. ফরিদ উদ্দিনের কাছ থেকে।
জেলায় মোট চিকিৎসকের পদ আছে ২৫৫টি। এর বিপরীতে কাগজে-কলমে পূরণ করা পদের সংখ্যা ১৮৩টি। এর অর্থ শূন্য পদ ৭২টি। তবে বাস্তবে শূন্য পদ ৯১টি। কারণ, ওই ১৮৩ চিকিৎসকের মধ্যে ১৯ জন দীর্ঘদিন ধরে অননুমোদিত ছুটি ও সাময়িক বরখাস্ত বা প্রেষণে অন্য জেলায় কর্মরত রয়েছেন।
সিলেটের সবচেয়ে দূরের উপজেলা জকিগঞ্জ। সেখান থেকে জেলা সদরে এসে চিকিৎসা নেওয়া কঠিন কাজ। জকিগঞ্জে অবকাঠামোগত সুবিধা থাকলেও পর্যাপ্ত চিকিৎসক নেই।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মেহেদী জানালেন, তাঁর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ ১০টি। কাগজে-কলমে ৫ জন কর্মরত থাকলেও তাঁদের মধ্যে ২ জন প্রেষণে অন্যত্র রয়েছেন। মেডিসিন, সার্জারি ও গাইনি বিষয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের জুনিয়র কনসালট্যান্ট পদগুলো শূন্য রয়েছে। তিনি বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে উপজেলাবাসীকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেওয়া যাচ্ছে না। কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা এবং নার্সদের দ্বারা গর্ভবতী নারীদের সেবা দেওয়া হয় ঠিকই। কিন্তু জটিল সমস্যায় আক্রান্ত রোগীদের সেবা আমরা দিতে পারছি না।’
একইভাবে জেলায় নার্সের পদ আছে ২১৭টি। তবে কর্মরত রয়েছেন ১৪৬ জন। সে হিসেবে ৭১টি পদ শূন্য। আর ১১৭টি উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) পদের মধ্যে ৫২টি এখন শূন্য।
আরও শোচনীয় অবস্থা ফার্মাসিস্টের পদের ক্ষেত্রে। জেলায় মোট ফার্মাসিস্টের পদ ৫০টি। কর্মরত আছেন মাত্র ১২ জন। এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ১৩টি পদের বিপরীতে ৫টি, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ১১টি পদের বিপরীতে ৪টি ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২৯টি পদের বিপরীতে ২২টিই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
সিলেটের সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বিভিন্ন বিষয়ের জুনিয়র কনসালট্যান্টের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রয়েছে বেশি। এর বাইরে প্রতিটি হাসপাতালেই রয়েছে নার্সের তীব্র সংকট। মূলত এ দুটি কারণে জেলার স্বাস্থ্যসেবা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বলেন, চিকিৎসক ও নার্সের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা আগের তুলনায় কমেছে। যেসব চিকিৎসক দীর্ঘদিন ধরে অননুমোদিত ছুটিতে রয়েছেন, তাঁদের ব্যাপারে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। শূন্য পদের সংখ্যা কমিয়ে আনার চেষ্টা চলছে।