ভারতের টিপাইমুখে প্রস্তাবিত বাঁধের প্রতিবাদে সিলেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গতকাল সোমবার বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। সিলেটে আগামী ১ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল সামনে রেখে গতকাল বিকেলে নগরের কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে নয় দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সিলেটসহ সারা দেশের মানুষ প্রতিবাদ করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের নেতারা এ ব্যাপারে নিশ্চুপ রয়েছেন। মনে হচ্ছে, ভারতের লক্ষ্য বাস্তবায়ন ও স্বার্থ রক্ষাই শেখ হাসিনার অঙ্গীকার।’স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার আহ্বায়ক শামসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার প্রমুখ বক্তব্য দেন।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কুশপুত্তলিকা দাহ করা হয়।