সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ দুইজন নিহত
সিলেটের জকিগঞ্জ সড়কে ও ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় গত সোমবার রাতে পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হচ্ছেন জেলার গোলাপগঞ্জের ফাজিলপুর গ্রামের বাসিন্দা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র আবু নাসের (১৮) ও বিশ্বনাথ ইউনিয়ন ভূমি কার্যালয়ের তহশিলদার ওয়েছ উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাত আটটার দিকে আবু নাসের তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গোলাপগঞ্জ চৌমুহনী বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়কের চকরিয়ায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে নাসেরের মৃত্যু হয়। আহত অবস্থায় তাঁর দুই বন্ধুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ওয়েছ উদ্দিন (৩৫) বদরুল নামের একজন সহকর্মীকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটায় ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় একটি কারের ধাক্কায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই ওয়েছ মারা যান। আহত হন বদরুল। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত জানান, নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ সংগ্রহ করেছেন।