সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
সিলেট শহরতলির লামাকাজি বাজারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর বাসচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছের স্থানীয় লোকজন। এ ঘটনায় সিলেট মহানগরের জালালাবাদ থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ থেকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস সিলেট অভিমুখে আসছিল। সকাল সাড়ে নয়টার দিকে লামাকাজি বাজারে ওই বাসটি বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক সুনামগঞ্জের ছাতক উপজেলার সুতারকালি গ্রামের মামুন মিয়া (২০), সিলেট মহানগরের জালালাবাদ থানার আউশা গ্রামের শামীম আহমদ (২২) ও কালারুকা গ্রামের আরশ আলীর ছেলে সালেহ আহমদ (১২)। দুর্ঘটনার পরপরই বাসচালক মো. মঞ্জিল মিয়াকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসচালককে আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।