সিলেটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে নিহত দম্পতির ১২ বছরের এক মেয়ে। গতকাল মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে নগরের মাদানীবাগ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায় (৫০) ও তাঁর স্ত্রী দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা দাশ (৪৫) সকালে শহরতলির খাদিমপাড়া নীপবন এলাকার বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় তাঁদের সঙ্গে ছিল স্কলার্সহোমে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তাঁদের মেয়ে অরুণিমা।
তাঁদের বহনকারী অটোরিকশাটি এমসি কলেজ রোডসংলগ্ন মাদানীবাগ এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অরজিৎ মারা যান। গুরুতর আহত অবস্থায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমিতার মৃত্যু হয়।
নিহত সুমিতা দাশের ছোট ভাই সংস্কৃতিকর্মী ধ্রুব গৌতম বলেন, নিহত অরজিৎ-সুমিতার মেয়ে অরুণিমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।