সিলেটে হজযাত্রীদের বিমানের ভাড়া দিয়ে বাসে যেতে হচ্ছে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সিলেটের তিন হাজার হজযাত্রী। এ অবস্থায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেটের নেতারা। হাব সূত্র জানায়, সিলেট থেকে হজ ফ্লাইট চালু না হলে বিমানের ভাড়া দিয়েও হজযাত্রীদের বাসযোগে ঢাকায় যেতে হবে। চুক্তি অনুযায়ী তাঁদের সিলেট থেকে ঢাকা হয়ে জেদ্দা পৌঁছানোর কথা ছিল। হজযাত্রীদের কাছ থেকে সেই ভাড়াও আদায় করেছিল হাব। গত বুধবার রাতে সিলেটে সংগঠনটির (হাব) জরুরি সভা হয়। সংগঠনের সিলেট অঞ্চলের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে ওই সভায় সিলেট থেকে হজযাত্রীদের জন্য ফ্লাইট চালুর দাবি জানানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট জেলা ব্যবস্থাপক সোয়েব আহমেদ প্রথম আলোকে জানান, কিছু পুরাতন উড়োজাহাজ সচল করার চেষ্টা চলছে। পাশাপাশি উড়োজাহাজ ভাড়ায় আনার চেষ্টা করা হচ্ছে। উড়োজাহাজ পাওয়া গেলে সিলেট-ঢাকা ফ্লাইট আবার চালু হতে পারে। উড়োজাহাজ না পাওয়া গেলে কষ্ট করে হলেও হজযাত্রীদের ঢাকায় যেতে হবে। এখানে বিমান কর্তৃপক্ষের কিছু করার নেই। তিনি জানান, তবে মধ্যপ্রাচ্য থেকে সিলেটে যেসব ফ্লাইট আসবে সেগুলোতে করে কিছু হজযাত্রী পাঠানো হবে। হজযাত্রীদের ঢাকায় নেওয়ার জন্য ইতিমধ্যে কয়েকটি ভালো বাস ভাড়া করা হয়েছে। বিক্ষোভ: বিমানের হজ ফ্লাইটসহ অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের প্রতিবাদে সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’ গতকাল বিক্ষোভ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-সিলেট অভ্যন্তরীণ ফ্লাইট চালুর দাবিতে নগরের জিন্দাবাজার মোড় থেকে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হন বিক্ষোভকারীরা।অবিলম্বে ফ্লাইট চালু না হলে সংগঠনের নেতারা আমরণ অনশন পালনের হুঁশিয়ারি দেন।