সিলেটে হঠাৎ করেই উপড়ে পড়ল ৫০ বছরের পুরোনো গাছটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চাশ বছরের পুরোনো একটি গাছ হঠাৎ করেই উপড়ে পড়ে।
ছবি: সংগৃহীত

সিলেটের বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে লম্বালম্বিভাবে পড়ে আছে একটি রেইনট্রি। আজ সোমবার বেলা ১১টায় হঠাৎ শিকড়সহ গাছটি উপড়ে যায়। তবে এতে বিদ্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

করোনায় বিদ্যালয় বন্ধ থাকার ফলে ঘটনার সময় সেখানে কোনো শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। ফলে কোনো দুর্ঘটনা ঘটেনি। গাছ উপড়ে পড়ার খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কানু পাল, সদস্য আবদুল আলীসহ বিদ্যালয়ের শিক্ষকেরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, গাছটি অন্তত ৫০ বছরের পুরোনো।

সরেজমিনে দেখা গেছে, উপড়ে পড়া গাছ ঘেঁষেই ছয়তলাবিশিষ্ট মধুবন সুপারমার্কেট দাঁড়িয়ে আছে। গত ২৯ ও ৩০ মে সিলেট নগরে কয়েক দফা ভূকম্পনের পর নগরের ছয়টি বিপণিবিতান ঝুঁকিপূর্ণ বিবেচনায় ১০ দিনের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছিল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এসব বিপণিবিতানের মধ্যে মধুবন সুপারমার্কেটও ছিল। পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপকদের একটি দল সরেজমিনে পরিদর্শন করে বিপণিবিতানটি ঝুঁকিপূর্ণ বলে মতামত দেয়।

মধুবন সুপারমার্কেটের একজন ব্যবসায়ী জানান, বিশেষজ্ঞ দল বিপণিবিতানটিকে ঝুঁকিপূর্ণ মনে করলেও সিটি করপোরেশনের নির্দেশনা অনুযায়ী ১০ দিন বন্ধ রাখা হয়েছিল। পরে চালু হলেও করোনার কারণে আজ বন্ধ ছিল। আজ বিকট শব্দে গাছটি উপড়ে পড়লে অনেকে ভূমিকম্প ভেবে আতঙ্কিত হয়ে ভবন ছাড়েন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা রানী নাথ জানান, তাঁরা খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে গাছটি শিকড়সহ উপড়ে পড়ে থাকার দৃশ্য দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজীদ খান বলেন, বন বিভাগ উপড়ে যাওয়া এই গাছের মূল্য নির্ধারণ করে দেবে। এরপর সরকারি বিধি অনুযায়ী নিলাম করে গাছটি বিক্রি করে দেওয়া হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, হঠাৎ ঠিক কী কারণে গাছটি উপড়ে পড়ল, সেটি খোঁজ নিয়ে দেখা হবে। এ ছাড়া গাছটি উপড়ে পড়ায় পার্শ্ববর্তী মধুবন সুপারমার্কেট ঝুঁকিতে পড়ল কি না, সেটিও পর্যবেক্ষণ করা হবে।