সিলেটে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঁঞা এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিলেট সদর উপজেলার জৈনকারকান্দি গ্রামের ইশরাদ আলী, তেরা মিয়া, বাবুল মিয়া, কামাল মিয়া, দুলাল আহমদ, নন্দিরগাওয়ের বিল্লাল মিয়া, জালালাবাদ ইউনিয়নের টেকারবাড়ি গ্রামের সমছু মিয়া ও ওসমানী নগরের আকবর আলী। রায় ঘোষণার সময় পলাতক আসামি বিল্লাল মিয়া ও বাবুল মিয়া ছাড়া বাকি সবাই আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের সরকারি কৌঁসুলি গফুর আলী বলেন, পূর্ববিরোধের জেরে জৈনকারকান্দি গ্রামের ফয়জুর রহমানকে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর রাতে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। পরের দিন পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় ফয়জুরের স্ত্রী হাফসা বেগম বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা করেন। একই বছরের ডিসেম্বরে মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার সাবেক উপপরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী আদালতে অভিযোগপত্র জমা দেন। বিভিন্ন সময়ে বিচারকার্যে ২৬ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ওই হত্যা মামলায় এক নারী আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তাঁকে খালাস দেন বিচারক।