সিলেটে হত্যা মামলার রায়ে একজনের ফাঁসির রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জাহাঙ্গীর আলম (১৮) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করার ঘটনায় করা মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আজ সোমবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি শরিফ উদ্দিন (৩৫) সিলেট নগরের কলবাখানি এলাকার বাসিন্দা। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সাতজন হলেন সিলেট নগরের খাসদবির এলাকার বাসিন্দা ইকবাল মিয়া, গুলজার আহমদ, গোয়াইপাড়ার কালাম মিয়া, আবদুর রাজ্জাক, নয়ন ওরফে রিপন, জলিল মিয়া ও হাসান মিয়া। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১ অক্টোবর সকালে সিলেট নগরের গোয়াইপাড়ার বাসিন্দা ফরিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে ডেকে পাশের দলদলি চা-বাগানে নিয়ে যান আসামিরা। সেখানে নিয়ে তাঁরা শরিফের গলা কেটে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে তাঁরা লাশ ফেলে পালিয়ে যান। এ ঘটনায় ওই দিনই ফরিদ মিয়া বাদী হয়ে আটজনকে আসামি করে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০০৫ সালের ৩১ জানুয়ারি সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবু আবদুল্লাহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ গঠনের পর বিচারপ্রক্রিয়া শুরু হয়। মামলার ৩১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

মহানগর দায়রা জজ আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মফুর আলী জানান, রায় ঘোষণার সময় দণ্ডাদেশ পাওয়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।