সিলেটে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
সিলেটে এক ব্যবসায়ী হত্যা মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপকুমার দেবনাথ এ রায় দেন।আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তিরা হচ্ছেন, গোলাপগঞ্জ উপজেলার বারকুঠ গ্রামের মইন উদ্দিন (২৮), নগরের খাসদবির এলাকার মেহেদী হাসান (২৭) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের সাজু আহমদ (২৫)। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই ঘটনায় দায়েরকৃত ছিনতাই মামলায় প্রত্যেককেই পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।একই সূত্র জানিয়েছে, ২০০৮ সালের ২২ জুলাই রাত পৌনে আটটায় একদল দুর্বৃত্ত ছিনতাই ও চুরির উদ্দেশ্যে নগরের পশ্চিম পীরমহল্লা এলাকার ‘বিকল্প ভিসিডি ও ডিভিডি দোকান’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢোকে। সেখানে ওই দোকানের স্বত্বাধিকারী আলমগীর হোসেনকে (২৬) ওই দুর্বৃত্তরা ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়।