সিলেটে হরতাল ডেকে জাপার দুই প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা
দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও এইচ এম এরশাদের মুক্তির দাবিতে সিলেট বিভাগের চার জেলায় আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল শনিবার বিকেলে সিলেট নগরের সিটি পয়েন্টে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকী।
এই সময় সিলেট-৫ আসনে দলীয় প্রার্থী ও সিলেট জেলা জাপার সভাপতি সেলিম উদ্দিন এবং সিলেট-২ আসনে দলীয় প্রার্থী ইয়াহিয়া চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সমাবেশে জাপার কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সাব্বীর আহমদ, সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন, জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা চৌধুরী, সাধারণ সম্পাদক হেনা বেগম, মহানগরের সভানেত্রী শিউলি আক্তার প্রমুখ বক্তব্য দেন।
হরতাল আহ্বান ও জাতীয় পার্টির দুই প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন জাপা নেতা আবদুল্লাহ সিদ্দিকী।