সিলেটে হরতালে মাঠে নামতে পারেননি নেতা-কর্মীরা
সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকায় হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার মাঠে নামতে পারেননি নেতা-কর্মীরা। তবে নগরের বিভিন্ন মহল্লার মোড়ে বিএনপির নারীনেত্রীসহ কর্মীদের বিচ্ছিন্নভাবে হরতালের পক্ষে পিকেটিং করতে দেখা গেছে। হরতাল চলাকালে পুলিশের একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সাতজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটায় নগরের চৌহাট্টায় বিএনপির কর্মীরা সিলেট কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) রায়হানের ব্যবহূত মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।বেলা ১১টার দিকে মহানগর বিএনপির সভাপতি এম এ হক দলীয় কর্মীদের নিয়ে পিকেটিং করতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে তিনি তাঁতীপাড়ার একটি বাসায় অবস্থান নেন। এম এ হক সাংবাদিকদের বলেন, পুলিশ-র্যাব তাঁদের পিকেটিং করতে না দিলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। হরতালে বাধা দিয়ে সরকার দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিল।নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা, আম্বরখানায় বিএনপির একটি অংশ এবং দরগাগেইটে ছাত্রদলের একটি অংশ মিছিলের চেষ্টা চালায়। এ সময় সেখানে পুলিশ অবস্থান নিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। দুপুর একটায় নগরের শাহজালাল উপশহর এলাকায় একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।জামায়াতের সংবাদ সম্মেলন: সিলেট মহানগর জামায়াত গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং তাঁদের আটক করার নিন্দা জানান। সিলেটে হরতালের দুই দিনে জামায়াতের আটজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে জানিয়ে অবিলম্বে তাঁদের মুক্তি দাবি করেন নেতারা। সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, নায়েবে আমির সায়েফ আহমদ ও সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম বক্তব্য দেন।