সিলেটে হাওর উন্নয়ন বোর্ড স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে সিলেটে হাওর উন্নয়ন বোর্ড স্থাপন, নির্দিষ্ট সময়ে হাওরের বাঁধের মেরামতকাজ শেষ করা এবং হাওরের জলাশয়ে প্রকৃত জেলেদের প্রবেশাধিকার নিশ্চিত করতে নির্দেশনা থাকা প্রয়োজন।

গতকাল সকাল সাড়ে নয়টায় নগরের বন্দরবাজার এলাকার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পরিকল্পনা ও বাজেট-সম্পর্কিত সংসদীয় ককাস, ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এবং গণতান্ত্রিক বাজেট আন্দোলনের যৌথ উদ্যোগে আগামী জাতীয় বাজেট নিয়ে ‘সিলেট বিভাগে আঞ্চলিক বাজেট শুনানি’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন।

সভায় বক্তারা বলেন, সিলেটের হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিনা মূল্যে সার ও বীজ সরবরাহের উদ্যোগের পাশাপাশি আগাম বন্যা প্রতিরোধ এবং হাওর উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নে জন অংশগ্রহণ নিশ্চিত করতে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। স্থানীয় উন্নয়নের স্বার্থে অবিলম্বে জেলা বাজেট প্রণয়ন করা প্রয়োজন। এ ছাড়া দেশে সুষম উন্নয়নের জন্য বাজেট প্রণয়নে গণতন্ত্রায়ণ খুবই জরুরি।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির সম্পাদক নজমুল হকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সাংসদ আবুল কালাম ও টিপু সুলতান। পুরো সভাটি সঞ্চালন করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির নুরুল আলম। অনুষ্ঠানের শুরুতেই আগামী বাজেটে বৃহত্তর সিলেট অঞ্চলের দাবি-সংবলিত একটি প্রস্তাবনা উপস্থাপনা করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা।

ককাসের সদস্য সাংসদ আবুল কালাম বলেন, সিলেটে উন্নয়নের জন্য বিশেষ করে হাওরের আগাম বন্যা প্রতিরোধে স্থায়ী উন্নয়নসহ বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন। এর বাইরে সিলেটের বেহাল রাস্তাঘাট পুনর্নির্মাণসহ ঢাকা-সিলেট মহাসড়ককে দ্রুত চার লেনে উন্নীত করা দরকার। অন্যদিকে হাওরের নদ-নদীগুলো খননের পাশাপাশি সিলেটের চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন সাংসদ টিপু সুলতান।

সভায় অংশ নিয়ে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগামী বাজেট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান। উন্মুক্ত এ আলোচনায় বক্তারা বলেন, শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ রাখা উচিত। হাওরের পাশাপাশি উপকূলীয়, চর, পাহাড়িসহ অন্যান্য সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় বাজেটে বিশেষ কর্মসূচি থাকা দরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বাজেট বাড়ানো দরকার।