সিলেটে হাওর উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার দাবি
হাওরাঞ্চলের উন্নয়নের জন্য হাওর উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করার দাবি জানিয়েছেন হাওর এলাকায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা ও হাওর নিয়ে গবেষণাকাজে নিয়োজিত ব্যক্তিরা। গতকাল শনিবার ‘হাওরাঞ্চলের জীবিকায়ন ও ভূমি অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এই দাবি জানান।
বেসরকারি সংস্থা অ্যাকশনএইডের ৩০ বছরপূর্তি উপলক্ষে সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এই সভা হয়। বেসরকারি সংস্থা ভার্ডের নির্বাহী পরিচালক এমরানুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-তত্ত্ব বিভাগের শিক্ষক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক আবুল কাশেম।
বক্তারা বলেন, সিলেট বিভাগের চার জেলাতেই হাওর রয়েছে। জলবায়ুর পরিবর্তনে দ্রুত হাওরাঞ্চলের পরিস্থিতির অবনতি হচ্ছে। তাই হাওর ও হাওরের মানুষের জীবন-জীবিকার সুরক্ষায় বিকল্প চিন্তা করতে হবে। এ জন্য হাওর উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করা প্রয়োজন। হাওর এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করে আপৎকালীন ঝুঁকি মোকাবিলা করতে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করছেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক বলেন, হাওর রক্ষায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।