সিলেটে হামলাকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এ ঘটনা আওয়ামী লীগের জন্য অত্যন্ত দুঃখজনক। সিপিবি-বাসদ ক্ষমতার রাজনীতি করে না। তারা আদর্শের রাজনীতি করে। এই হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নিলে চলবে না। তাদের সবার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’
দপ্তরবিহীন এই মন্ত্রী অভিযোগ করেন, ‘খালেদা জিয়া নির্বাচন প্রতিহত করতে চেয়ে সাংবিধানিকভাবে অপরাধ করেছেন, যা একটি গণতান্ত্রিক দেশে কাম্য নয়। তিনি (খালেদা জিয়া) অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চান। তিনি দেশের সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে চান না। তিনি দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে চান।’
বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘সংসদ অধিবেশনে এসে আলোচনা করে নির্বাচনী রূপরেখা দিন। আর সংসদে না এলে এর দায় আপনাদের নিতে হবে।’

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, ‘আপনাকে বুঝতে হবে, আপনার দল বিপ্লবী দল নয়, ক্ষমতার দল। ক্ষমতায় আসতে চাইলে নির্বাচনে আসুন। তা না হলে দল মুসলিম লীগে পরিণত হবে।’

সংগঠনের সহসভাপতি নাজির মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জাকির হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।