সিলেটে হামলায় ৪ পুলিশ আহত যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের চৌহাট্টায় কয়েকজন যুবকের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনকে ছুরিকাহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে রাত ১২টার দিকে এক যুবককে নগরের দরগাহ এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সিলেট রিজার্ভ পুলিশের চারজন সদস্য রাতে সিনেমা দেখে নগরের মিরের ময়দানের পুলিশ লাইনে ফিরছিলেন। সাদা পোশাকের ওই চার পুলিশ সদস্যকে চৌহাট্টা মোড়ের কাছে কয়েকজন যুবক ঘিরে ধরে। বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করে এবং অন্যদের কিলঘুষি মেরে পালিয়ে যায় যুবকেরা। স্থানীয় ব্যবসায়ীরা আহত অবস্থায় পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।