এক রোগীর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রাদিসহ ব্যবস্থাপত্র আরেক রোগীকে দেওয়ায় সিলেটের দক্ষিণ সুরমার বেসরকারি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা মাহবুবুর রহমান চৌধুরীর অভিযোগের তদন্ত শেষে গতকাল রোববার শুনানির পর জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিধি অনুযায়ী, জরিমানার টাকার ২৫ শতাংশ অভিযোগকারীর কাছে গতকালই হস্তান্তর করা হয়েছে।
অধিদপ্তর সূত্র জানায়, সিলেটের গোলাপগঞ্জের বাসিন্দা গৌছ উদ্দিন আহমদ চৌধুরী ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। তিনি সিসিইউ ইউনিটের ৭ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল ছাড়ার সময় তাঁকে অন্য রোগীর চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রাদি ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এ ব্যাপারে হাসপাতাল ছাড়ার দিন গত ২৮ ফেব্রুয়ারি রোগীর ছেলে মাহবুবুর রহমান চৌধুরী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন ও ৩ জুলাই দুই দফায় তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে গতকাল শুনানি শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিধি অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ৩ হাজার ৭৫০ টাকা অভিযোগকারীকে দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জরিমানা আদায়ের পর হাসপাতাল কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য সতর্ক করে দিয়ে হাসপাতালের রোগী সেবার মূল্য উল্লেখ করে বিল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগকারী মাহবুবুর রহমান চৌধুরী এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন।
যোগাযোগ করলে হাসপাতালের সহকারী পরিচালক আলতাব উদ্দিন জরিমানা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। ঘটনাটি ভুলক্রমে হয়েছে দাবি করে তিনি বলেন, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হবে।