সিলেটে হাসপাতালে ঢুকে ল্যাব ইনচার্জকে ছুরিকাঘাত
সিলেটে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার আবদুর রশিদ তালুকদার নামের একজন ল্যাব ইনচার্জকে ছুরিকাঘাত করা হয়েছে।হাসপাতালের কর্মী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেট শহরের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ সুরমা শাখার ল্যাব ইনচার্জ রশিদ (৫০) হাসপাতালের তৃতীয় তলার একটি কক্ষে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃৃত্তরা তাঁর দুই চোখের চারপাশে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।হাসপাতালের পরিচালক নাজমুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় রশিদকে উদ্ধার করা হয়। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। জ্ঞান ফেরার পর রশিদ জানান, তিনজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা করে। এদের মধ্যে একজন বোরকা পরা ছিল।রশিদের ছেলে এবং ওই মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্র জাহিদ হাসান বলেন, ‘হাসপাতালে ভেতরে বাইরের কোনো দুর্বৃত্ত সহজে ঢুকতে পারে না। এ ছাড়া হাসপাতালে সার্বক্ষণিক একটি সিসিটিভি চালু ছিল। সিসিটিভি এড়িয়ে হামলা হওয়ায় ঘটনা রহস্যজনক মনে হচ্ছে।’ এর পেছনে হাসপাতালের কারও জড়িত থাকার ইঙ্গিত দেন তিনি।হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট নগর বিএনপির সভাপতি শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, এটি একটি বর্বরোচিত ঘটনা। ঘটনার সঙ্গে হাসপাতালের কারও জড়িত থাকার কথা নয়। বাইরে থেকে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। তিনি জানান, হাসপাতালের পক্ষ থেকে বুধবার রাতেই দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, পুলিশ বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি জ্যাকেট ও রক্তাক্ত ছোরা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।