সিলেটে হিজবুত তাহরীরের আরেক কর্মী গ্রেপ্তার
সিলেটে আদালতের প্রধান ফটক থেকে গতকাল রোববার হিজবুত তাহরীরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মুশফিকুর রহমান (২৫)। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র। বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজার গ্রামে। পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার জুমার নামাজ শেষে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগার সামনে হিজবুত তাহরীরের প্রচারপত্র বিলি করার সময় পুলিশ শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ফরহাদ শফি চৌধুরী ও মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে। ওই রাতে পুলিশ তাঁদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার চালানোর অভিযোগে মামলা করে। গতকাল এ দুজনকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ফরহাদের তিন দিন ও মাহফুজুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।সূত্র আরও জানায়, হিজবুত তাহরীর ওই দুই কর্মীকে আদালতে নেওয়ার সময় আদালতের প্রধান ফটকের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরিকালে পুলিশ মুশফিকুরকে আটক করে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, মুশফিকুর নিজেকে হিজবুত তাহরীরের কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ওসি জানান, ফরহাদ ও মাহফুজের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গতকাল সকালে সিলেট নগরের আখালিয়া পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে হিজবুত তাহরীর ৩৮৫টি প্রচারপত্র ও কম্পিউটারের সিপিউ জব্দ করেছে।আটক তিনজনকে মুচলেকা নিয়ে মুক্তি: এদিকে গত শনিবার দুপুরে মেসবাড়ি থেকে হিজবুত তাহরীরের কর্মী সন্দেহে আটক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে।