সিলেটে হিজবুত তাহ্রীরের পোস্টার লাগানোর সময় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহ্রীরের পোস্টারে ছেয়ে গেছে সিলেট। নগরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে শোভা পাচ্ছে হলুদ রঙের এসব পোস্টার। ‘মার্কিন-ব্রিটেন-ভারতের দালাল...শেখ মীরজাফর হাসিনা ও তার সরকারের অপসারণ এবং খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলুন...’ স্লোগানের পোস্টার গতকাল বুধবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকার স্থাপনা ও দেয়ালে শোভা পাচ্ছে।গতকাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি বিশেষ দল পোস্টার সাঁটানোর সময় হিজবুত তাহ্রীর এক কর্মীকে আটক করেছে। তাঁর নাম মো. মেহেদী হাসান। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। গতকাল রাত সাড়ে আটটায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব হিজবুত তাহ্রীর কর্মী আটক করার কথা নিশ্চিত করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়নি।