সিলেটে হিযবুত তাহরীরের চার কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের চার কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন।অভিযোগপত্রভুক্ত চার আসামি হচ্ছেন ফরহাদ শফি চৌধুরী (১৯), মাহফুজুর রহমান (২২), মুশফিকুর রহমান (২৬) ও আশরাফুজ্জামান (২৫)। গত ফেব্রুয়ারি মাসে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।অভিযোগপত্রে বলা হয়, আসামিরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর হিযবুত তাহরীরে যোগ দেন। ২০০৯ সালে সরকার সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করে। এর পরও সিলেট নগরে গোপনে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখেন আসামিরা। গত ৫ ফেব্রুয়ারি জুমার নামাজের পর ফরহাদ শফি চৌধুরী ও মাহফুজুর রহমানকে শাহজালাল (রহ.)-এর দরগার গেট এলাকায় সংগঠনের লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করা হয়। পরে ৭ ফেব্রুয়ারি আদালত এলাকা থেকে মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে মুশফিক গ্রেপ্তার হওয়া ফরহাদ ও মাহফুজুরকে সহযোগিতার চেষ্টা করছিলেন। ২৮ ফেব্রুয়ারি নগরের বাগবাড়ি এলাকায় লিফলেট বিতরণের সময় আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। লিফলেটের বক্তব্য রাষ্ট্রবিরোধী এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান জানান, হিযবুত তাহরীরের কার্যক্রম সরকার ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। তাঁদের মাধ্যমে সন্ত্রাস ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে।