সিলেটে হেফাজতের মহাসমাবেশ শনিবার
আগামী শনিবার দুপুর দুইটায় সিলেট শহরের সিটি পয়েন্টে হেফাজতে ইসলামের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার রাতে সংগঠনের নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরী। ৬ এপ্রিল ঢাকায় লংমার্চ শেষে মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সিলেটে মহাসমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী হরতাল ডাকায় আগামী সোমবার মহাসমাবেশ হবে বলে প্রচার করা হয়েছিল। পরে নির্বাহী কমিটি জরুরি বৈঠক করে শনিবার মহাসমাবেশ করার বিষয়টি চূড়ান্ত করে। মহাসমাবেশ সফল করতে হেফাজতের সিলেট শাখার এক সভায় সিলেট মহানগর, জেলার প্রতিটি উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণসংযোগ, পোস্টার ও প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।খুলনার মহাসমাবেশ: প্রথম আলোর খুলনা অফিস জানায়, ২০ এপ্রিল খুলনায় হেফাজতে ইসলামের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। গতকাল বুধবার খুলনা শহরের দারুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতের খুলনা জেলা শাখার সহসাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম প্রস্তুতির কথা জানান। তিনি বলেন, ইতিমধ্যে মহাসমাবেশের জন্য মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করা হয়েছে।সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ: গতকাল এক যৌথ বিবৃতিতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নেতারা অভিযোগ করেছেন, ইসলামকে নির্মূল করার চক্রান্ত পাকাপোক্ত করতেই একশ্রেণীর নাস্তিক-মুরতাদ মাঠে নেমেছে। গত ৯ মার্চ হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি ঘোষণা করে। আর ৬ এপ্রিলের মহাসমাবেশের পর থেকে এ নিয়ে নাস্তিকদের গাত্রদাহ শুরু হয়েছে।বিবৃতিতে ইসলামি বিধানের অপব্যাখ্যা করে দেশকে অস্থিতিশীল না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিতে সই করেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দিন খান, খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আবদুল মোমেন, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী প্রমুখ।