সিলেটে হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেট নগরের কামালগড় এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মিসবাহ উদ-দোজা (৬২)। তিনি নগরের কামালগড় তুলসী আবাসিক এলাকার বাসিন্দা। কিন্তু তিনি হোটেল রেজিস্টারে ঠিকানা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নোয়াগাঁও উল্লেখ করেন। গত শুক্রবার রাত প্রায় ১১টায় পুলিশ ‘আইয়ুব রেস্ট হাউস’ নামের হোটেলের চতুর্থ তলার ১৭ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। হোটেলকক্ষ নেওয়ার সময় তাঁর সঙ্গে এক যুবক ছিলেন। লাশ উদ্ধার করার সময় যুবকের সন্ধান পাওয়া যায়নি। হোটেল রেজিস্টারে মিসবাহ বিভ্রান্তিকর ঠিকানা দেওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ রাতেই ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হোটেলের ব্যবস্থাপক হরেন্দ্র সূত্র বৈদ্যর ভাষ্যমতে, চিকিৎসা করাতে এসেছেন জানিয়ে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ১৮ বছর বয়সের এক যুবককে নিয়ে হোটেলে ওঠেন মিসবাহ উদ-দোজা। হোটেলে কক্ষ নেওয়ার সময় তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা বলে ঠিকানা রেজিস্টারভুক্ত করেন। তাঁর সঙ্গে থাকা যুবক আধাঘণ্টা পর হোটেল থেকে চলে যান। এ সময় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার পর সব ঠিক আছে কি না—দেখতে হোটেল বয়কে চতুর্থ তলায় পাঠান তিনি। হোটেল বয় এসে জানায়, ১৭ নম্বর কক্ষের দরজা খোলা এবং ভাড়া নেওয়া লোক অচেতন পড়ে আছেন। এরপর তিনি পুলিশে খবর দেন। পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১১টায় লাশ উদ্ধারকালে মিসবাহ উদ-দোজার প্রকৃত ঠিকানা জানতে পারে পুলিশ। তাঁর পরিবারের পরামর্শে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সিলেট মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করেছে। তবে মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক না অন্য কিছু তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ওই ঘটনায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।