সিলেটে হোটেলকক্ষ থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে জমসেদ হোসেন চৌধুরী (৫৫) নামের বিএনপির এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত ১২টায় হোটেলের ২০৩ নম্বর কক্ষ থেকে জমসেদের লাশ উদ্ধার করা হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জমসেদ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ গ্রামের বাসিন্দা। প্রায় তিন বছর ধরে জিন্দাবাজারের হোটেল শাহজাহানের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নিয়ে একাই থাকতেন। তিনি বিএনপির সিলেট সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি জিন্দাবাজার এলাকার হজরত জিন্দাপীর (রহ.) মাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। হোটেলের ব্যবস্থাপকের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার বিকেলে জমসেদ চৌধুরীকে হোটেল থেকে বের হয়ে যেতে দেখা যায়। রাতে খাবার দিতে যান হোটেলের লোকজন। ভেতর থেকে দরজা বন্ধ ও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ হোটেলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে জমসেদ চৌধুরীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সিলেট কোতোয়ালি থানার ওসি প্রথম আলোকে জানান, অসুস্থতার কারণে জমসেদ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পুলিশ ঘটনাটি তদন্ত করবে। গতকাল এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের পর পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।