সিলেটে হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার
সিলেট নগরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত ব্যক্তির নাম সুমন তালুকদার (২৮)। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেলিয়া গ্রামে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, সুমন তালুকদার ৫ সেপ্টেম্বর ‘কুদরত উল্লাহ রেস্টহাউস’ নামের এই হোটেলের তৃতীয় তলার ৪৯ নম্বর কক্ষ ভাড়া নেন। গতকাল বেলা আড়াইটায় রেস্টহাউসের এক কর্মচারী ভাড়া আদায় করতে তাঁর কক্ষে যান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের বায়ু চলাচলের জায়গা (ভেন্টিলেটর) দিয়ে তাঁকে বৈদ্যুতিক পাখার (ফ্যান) সঙ্গে ঝুলে থাকতে দেখেন।খবর পেয়ে কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে সুমনের স্বজনদের খবর দিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হলেও হোটেলের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।