সিলেটে হোটেলে ছাত্রলীগের তাণ্ডব, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের একটি অভিজাত হোটেলে হামলার ঘটনায় সংগঠনের এক কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন ছাত্রলীগের কর্মীরা। পরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও পুলিশ সদস্যরা লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় পালাতে গিয়ে ছাত্রলীগের ১০ জন কর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে তিনজনকে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থের নেতৃত্বে সংগঠনের কর্মীরা গতকাল দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের টিলাগড় এলাকায় অবরোধ সৃষ্টি করেন। এ সময় র‌্যাবের একটি টহল দল সেখান দিয়ে যাওয়ার সময় তাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। খবর পেয়ে র‌্যাব-৯-এর অর্ধশতাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। বেলা একটার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।র‌্যাব-৯-এর একজন কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। হোটেলে হামলা, পুলিশসহ আহত ৭: নগরের ধোপাদীঘির পাড়ে অবস্থিত অভিজাত রেস্তোরাঁ ‘হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল’-এ মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে গত শনিবার রাত আটটার দিকে হোটেলে হামলা চালান ছাত্রলীগের ২৫-৩০ জন কর্মী। তাঁদের হামলায় ঘটনাস্থলে থাকা সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল হোসেন, হোটেলের ব্যবস্থাপক শহিদুল হক, মাজহারুল হক লিটন, রেস্তোরাঁর ব্যবস্থাপক ফখরুল ইসলাম ও বিপণন ব্যবস্থাপক ফয়সল আবদুল্লাহসহ সাতজন আহত হন। খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মোশাহিদ আহমদ নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে।হোটেল কর্তৃপক্ষ জানায়, পার্কিংয়ের ফি না দিয়ে মোটরসাইকেল রাখা নিয়ে ছাত্রলীগের কর্মী মোশাহিদের সঙ্গে বচসার জের ধরে এ হামলা চালানো হয়। সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ মো. মুবাশ্বির বলেন, এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ মামলা করেছে। এই মামলায় মোশাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আহত পুলিশ সদস্য জামাল হোসেনকে সিলেট পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এসআই জানান।যোগাযোগ করা হলে ছাত্রলীগের সিলেট জেলা সভাপতি পংকজ পুরকায়স্থ প্রথম আলোকে বলেন, হোটেল কর্তৃপক্ষের হাতে ছাত্রলীগের কর্মী মোশাহিদ আহত ও গ্রেপ্তারের প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করেছিলেন। কিন্তু র‌্যাব লাঠিপেটা করে তাঁদের ১০ জন কর্মীকে আহত করেছে।