সিলেটের ২১ ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ১০৫ জওয়ানের বিচার শুরু হয়েছে। ২১ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এ গতকাল মঙ্গলবার সকালে বিচারকাজ শুরু হয়।এদিকে নওগাঁয় ৪৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ২৫ জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে বিচার শুরু হয়েছে। নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২তে গতকাল সকাল ১০টায় বিচার কার্যক্রম শুরু হয়।বিশেষ আদালত ১৪-এর বিচারক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ। বিচারক প্যানেলের সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান, মেজর মো. মকসুদুল হক। বিচার কার্যক্রমে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২১ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিচার সকাল নয়টায় শুরু হয়। ৪৪ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদী ২১ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার এ কে এম হেলাল উদ্দিন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের আজ বুধবার বেলা ১১টায় বিশেষ আদালতে হাজির করার নির্দেশ দেন। আসামিরা বর্তমানে ফৌজদারি মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তাঁদের বিদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।দুপুর ১২টায় শুরু হয় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জনওয়ানের বিচার। শুরুতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদী ৩৮ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর মিনহাজ উদ্দিন। অভিযোগ আমলে নিয়ে আদালত আসামিদের আজ বেলা তিনটায় বিশেষ আদালতে হাজির করার নির্দেশ দেন। এই মামলায় অভিযুক্ত ৬১ জনের মধ্যে ৪৭ জন সিলেট কারাগারে রয়েছেন। অবশিষ্ট ১৪ জনকে গতকাল ৩৮ রাইফেল ব্যাটালিয়ন এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।আদালতে কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল কাদির ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল্লাহ খান।এদিকে সিলেট সদর সেক্টরে বিদ্রোহের মামলায় ৩৪ জন জওয়ানের বিরুদ্ধে বিচারকাজ শুরু হচ্ছে আজ বুধবার। সকাল নয়টায় বিশেষ আদালত ১৪-এ বিচার শুরু হবে।বিশেষ আদালত-১২-এর তিন সদস্যের বিচারক প্যানেলে সভাপতিত্ব করেন বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। অপর দুই সদস্য হলেন লে. কর্নেল গাজী খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। গতকাল বিশেষ আদালতের কার্যক্রমের শুরুতেই নওগাঁ বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল লতিফ সরকার বাদী হয়ে ৪৩ রাইফেল ব্যাটালিয়নের জেসিও সুবেদার মেজর খালিদ হোসেন, জেসিও নায়েব সুবেদার শেখ আতিয়ার রহমানসহ ২৫ জন জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে একটি নালিশি অভিযোগ উত্থাপন করেন। শুনানি শেষে বিচারক অভিযোগ আমলে নিয়ে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত অভিযুক্ত ২৫ বিডিআর সদস্যকে অভিযোগের অনুলিপি সরবরাহের আদেশ দেন। এরপর বিচারকাজ এক দিনের জন্য মূলতবি ঘোষণা করা হয়।মামলার ২৩ আসামি রাষ্ট্রদ্রোহের মামলায় নওগাঁ জেলা কারাগারে বন্দী রয়েছেন। তাঁদের বিডিআর আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। অপর দুজন জেসিও শেখ আতিয়ার রহমান ও নায়েক হেদায়েত আলীকে নওগাঁ সদর থানার পুলিশ গতকাল দুপুরে নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে হাজতে পাঠিয়েছে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে জওয়ানেরা বিদ্রোহ করেন। এর জের ধরে সিলেট, নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহ ছড়িয়ে পড়ে।