সিলেটে ১০৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন নভেম্বর-ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ২১ ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে মামলায় ১০৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ আগামী ২৩ নভেম্বর ও ৬ ডিসেম্বর ধার্য করা হয়েছে। ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এর বিচারক গতকাল বুধবার এই তারিখ ধার্য করেন।এদিকে, নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় আগামী ২০ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া গতকাল সিলেট সদর সেক্টরে বিদ্রোহের মামলায় ৬১ জওয়ানের বিরুদ্ধে বিশেষ আদালতে অভিযোগ উত্থাপন করেন বাদী সুবেদার মো. আবদুল গনি। এ মামলায় গতকাল নতুন করে ২৮ জওয়ানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সিলেট কারাগারে পাঠানো হয়। মামলার অপর ৩৩ আসামি লুটপাটের অভিযোগে করা একটি মামলায় কারাবন্দী রয়েছেন।আমাদের নিজস্ব প্রতিবেদক, সিলেট এবং নওগাঁ ও জয়পুরহাট প্রতিনিধির পাঠানো খবর: সিলেট: তিনটি মামলার বিচারকাজ সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪ হয়। এ আদালতের সভাপতিত্ব করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল এস এম ফরহাদ।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল আটটায় ২১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এ সিলেট সদর সেক্টরে বিদ্রোহে অংশ নেওয়ার অভিযোগে ৬১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন মামলার বাদী সদর সেক্টরের সুবেদার মো. আবদুল গনি। অভিযোগ আমলে নিয়ে আদালতের সভাপতি কর্নেল এস এম ফরহাদ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আজ বৃহস্পতিবার সকাল আটটায় আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন। বিচারক প্যানেলের সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মো. মকসুদুল হক। ২১ রাইফেল ব্যাটালিয়নের মামলায় বিচারকাজ বেলা ১১টায় শুরু হয়। আসামিদের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান মামলার কৌঁসুলি লে. কর্নেল খায়রুল কাদির। এরপর আদালত অভিযোগের অনুলিপি প্রত্যেক আসামির কাছে হস্তান্তর করার নির্দেশ দেন এবং আগামী ২৩ নভেম্বর অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন।বেলা তিনটায় ৩৮ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ৬১ জওয়ানের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান কৌঁসুলি ও ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল্লাহ খান। অভিযোগ শুনানির পর আদালত এই মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন ৬ ডিসেম্বর।নওগাঁ: জানা যায়, নওগাঁর ৪৩ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ গতকাল সকাল ১০টায় বিচার-কার্যক্রম শুরু হয়। এর আগে মামলার আসামি ২৫ জন বিডিআর সদস্যকে আদালতে হাজির করা হয়। ৪৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক ও বিশেষ আদালতের কৌঁসুলি (প্রসিকিউটর) লে. কর্নেল ফজলুল হক মামলার অভিযোগপত্র আদালতে পড়ে শোনান এবং আসামিদের শাস্তি দাবি করেন। শুনানি শেষে আদালতের সভাপতি বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল এহিয়া আজম খান আগামী ২০ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেন।জয়পুরহাট: জয়পুরহাটের ৩ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলার বিচার গতকাল শুরু হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়ায় ৩ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩-তে বিচারকাজ শুরু হয়। বিচারক প্যানেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআরের দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ্ আহ্মাদ। ৩ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর শফিকুল ইসলাম গতকাল অভিযুক্ত ২০ বিডিআর সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করেন। অভিযোগ পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে বেলা ১১টা ৩৬ মিনিটে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়। এই আসামিরা বিডিআর বিদ্রোহের ঘটনায় ২০০৯ সালের ১১ মে পুলিশের করা রাষ্ট্রদ্রোহের মামলায় জয়পুরহাট জেলা কারাগারে রয়েছেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে জওয়ানেরা বিদ্রোহ করেন। এর জের ধরে সিলেট, নওগাঁ, জয়পুরহাটসহ বিভিন্ন স্থানে বিডিআর সদস্যরা বিদ্রোহে জড়িয়ে পড়েন।