সিলেটে ১২ ঘণ্টার বাস ধর্মঘটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দিয়েছিল সিলেট বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করা হলেও ১২ ঘণ্টায় মানুষের দুর্ভোগ পৌঁছায় চরমে।

ধর্মঘট চলাকালে দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার কোনো বাস টার্মিনাল ছাড়েনি। শত শত যাত্রী টার্মিনালের নির্দিষ্ট কাউন্টারে অপেক্ষা করছেন। অনেকে যাচ্ছেন ফেরত। তবে জেলার বিভিন্ন উপজেলায় বাস চলেছে। বেলা আড়াইটার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করার জন্য তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিলেটে এসেছিলেন। সকাল সাতটায় হোটেল ছেড়ে বাস টার্মিনালে এসে জানতে পারেন পরিবহন ধর্মঘট।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শত শত শিক্ষার্থী গতকাল বাস টার্মিনালে গিয়ে বাস ছাড়ার আশায় সকাল থেকে অপেক্ষা করেন। বেলা তিনটার দিকে খাইরুল হক নামের এক শিক্ষার্থী বলেন, ‘হুট করে ধর্মঘট ডাকায় আমরা বিপাকে পড়ে গেছি।’

যোগাযোগ করলে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ প্রথম আলোকে বলেন, মহাসড়কে পুলিশের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত একটি বাসে জনতা আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশের সামনে এমন ঘটনা ঘটায় বাস মালিক-শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সন্ধ্যায় পুলিশ প্রশাসন নিরাপত্তার এবং বাস ভাঙচুরকারীদের গ্রেপ্তারের আওতায় আনার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। গত বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হন। এ সময় ক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়।