সিলেটে ১২ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় পুনর্নির্বাচনের দাবি ও সিলেটের বিভিন্ন উন্নয়ন স্থাপনা থেকে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের নাম মুছে ফেলার প্রতিবাদসহ ১২ দফা দাবিতে গতকাল সোমবার সিলেট শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।গতকাল বেলা তিনটায় শহরের চৌহাট্টা মোড়ে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম, সাবেক সাংসদ কাহের চৌধুরী, মহানগর বিএনপির নেতা শাহরিয়ার হোসেন চৌধুরী, নাসিম হোসাইন, কাউন্সিলর রেজাউল হাসান, সৈয়দ মইনুদ্দিন সোহেল, যুবদলের আবদুল মান্নান, ছাত্রদলের মাহবুব চৌধুরী, সাঈদ আহমদ প্রমুখ।মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বিগত দিনে সাইফুর রহমান সিলেট বিভাগের যে উন্নয়ন করেছেন, তা আর কেউ ছাড়িয়ে যেতে পারবে না। কিন্তু এ উন্নয়নকে আড়াল করতে তাঁর নাম অপসারণ করা শুরু হয়েছে। স্থানীয় এসব মৌলিক দাবি এবং জাতীয় পর্যায়ে আরও ১০টি দাবি নিয়ে আমরা মাঠে সোচ্চার হয়েছি।’ তিনি জানান, ২৯ এপ্রিল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এদিকে বিএনপির একাংশ অঙ্গসংগঠন নিয়ে ১২ দফা দাবিতে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি পালন শুরু করলেও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর অনুসারী নেতা-কর্মীরা একাত্ম হচ্ছেন না বলে জানা গেছে। তাঁর অনুসারী স্থানীয় নেতারা এসব কর্মসূচিকে ‘বিচ্ছিন্ন কর্মসূচি’ বলে অভিহিত করেছেন।বিএনপির একাংশের না থাকা প্রসঙ্গে শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের সঙ্গে সবাই আছেন। তাঁরা (এম ইলিয়াস আলীর অনুসারীরা) না থাকলেও মৌন সমর্থন আছে।’এ ব্যাপারে এম ইলিয়াস আলীর অনুসারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গাফফার বলেন, ‘১২ দফা দাবির প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু এটি একপক্ষের বিচ্ছিন্ন কর্মসূচি হয়ে পড়েছে। কেন্দ্রীয় নেতা যেহেতু সিলেটের, সেহেতু তাঁকে সম্পৃক্ত করে আন্দোলন পরিচালিত হলে তা শক্তিশালী হতো।’