সিলেটে ১২ হাজার ৩৫০ একরের ধান পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজার, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় নয়টি হাওরের বাঁধ ভেঙে গতকাল বুধবার অন্তত ১২ হাজার ৩৫০ একর জমির বোরো ফসল তলিয়ে গেছে। পাহাড়ি ঢলে ও বৃষ্টিতে গতকাল সকালে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মুগরাইন-কাইঞ্জা ফসলরক্ষা বাঁধ ভেঙে নয়টি হাওরের পাকা ও আধা পাকা বোরো ধান পানির নিচে চলে গেছে। কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি।
বিয়ানীবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, উপজেলার মুড়িয়া হাওরে মোট ১৪ হাজার ৭২১ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। কয়েক দিন ধরেই এ হাওরে অব্যাহতভাবে পানি ঢুকছে। গতকাল এ হাওরের একটি বাঁধ ভেঙে যায়। এতে গতকাল অন্তত ৩ হাজার ৭০৫ একর জমির বোরো ধান পানির নিচে চলে গেছে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, বৃষ্টির পানিতে বিশেষ করে উপজেলার মুড়িয়া, দুবাগ ও শেওলা ইউনিয়নের কিছু নিচু জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় ৩৬ হাজার ৯৩৪ একর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে গত কয়েক দিনের বৃষ্টিপাতে অন্তত ৯ হাজার ৮৮০ একর জমির বোরো ধান তলিয়ে গেছে বলে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড় বলেন, ‘পাহাড়ি ঢল আর অব্যাহত বর্ষণের কারণে প্রতিদিনই নতুন করে হাওর প্লাবিত হচ্ছে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের আগাম ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।’
গতকাল সকাল ১০টার দিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মুগরাইন-কাইঞ্জা ফসলরক্ষা বাঁধটি ভেঙে যাওয়ায় নয়টি হাওরের বোরো জমির পাকা ও আধা পাকা ধান তলিয়ে গেছে। তবে গতকাল বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত ওই নয়টি হাওরের ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ণয় করতে পারেনি সংশ্লিষ্ট কৃষি বিভাগ। তাদের দাবি, একদিকে হাওরে পানি ঢুকছে, অন্যদিকে কৃষকেরা জমির পাকা ও আধা পাকা ধান কেটে নিয়ে যাচ্ছেন। এ কারণে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা যাচ্ছে না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ঢগা, ভোগা, ছিছড়া, শৈলচাপড়া, নয়াবিল, কাইলানী, রুই, ডুলিজার, দমদমিয়ার দাইড় হাওরের ১০ হাজার ৪৯৯ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৩১৩ একর জমির পাকা ও আধা পাকা ধান কাটা হয়েছে। বাকি রয়েছে ৫ হাজার ১৮৬ একর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের পানি হাওরে ঢুকলেও ইতিমধ্যে কৃষকেরা পাকা ও আধা পাকা ধান কেটে নিচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, পাহাড়ি ঢলের প্রবল চাপে গতকাল সকাল থেকে ওই নয়টি হাওরে পানি ঢুকতে শুরু করায় বোরো ফসল তলিয়ে গেছে। তবে এরই মধ্যে কৃষকেরা জমির পাকা ও আধা পাকা ধান কেটে নিচ্ছেন। তাই ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এসব হাওরে অবশিষ্ট বেশির ভাগ জমির বোরো ধানই পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।