সিলেটে ১৩ নেতা-কর্মীর রিমান্ড চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদসহ ১৩ নেতা-কর্মীকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

মহানগর পুলিশের হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গত শনিবার এ আবেদন করেন। আজ সোমবার আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

গত বৃহস্পতিবার প্রায় এক যুগ পর কেন্দ্র থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা ও নগর কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সম্পাদকীয় পদের আটজন করে নাম ঘোষণা হলে এ নিয়ে পদবঞ্চিত স্থানীয় নেতারা কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

পরদিন শুক্রবার জেলা সভাপতি সাঈদকে অবরুদ্ধ করে রেখে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদলের দুই পক্ষ। ওই দিন রাতে সাঈদ আহমদসহ ছাত্রদলের ১৩ কর্মীকে আটক করে পুলিশ বিস্ফোরক আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।

সাঈদের সঙ্গে গ্রেপ্তার হওয়া ছাত্রদরের কর্মীরা হচ্ছেন সুমিন আহমদ চৌধুরী, জিয়াউর রহমান, রেজওয়ান হোসেন, আহমদ জাকি, মিজান আহমদ, মাছুম আহমদ, সাওয়াল ওরফে সাগর, আলী আকবর ওরফে রাজন, আক্তারুজ্জামান চৌধুরী, আফজাল হোসেন, ফয়েজ আহমদ ও রাইসুল ইসলাম ওরফে সানি।