কাঠগড়ায় দাঁড়িয়ে একে একে সব আসামি বলছিলেন, ‘নির্দোষ স্যার’। তখন বিশেষ আদালতে স্থাপিত দুটো প্রজেক্টরের বড় পর্দায় ভেসে ওঠে সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিদ্রোহের স্থিরচিত্র ও ভিডিওচিত্র। তা দেখে কাঠগড়ায় দাঁড়ানো আসামিরা মাথা নিচু করে চুপ হয়ে যান। এ সময় আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম স্থিরচিত্র দেখিয়ে আসামি নায়েব সুবেদার আবুল হোসেনকে জিজ্ঞেস করেন, ‘এ ছবি কি আপনার?’ জবাবে আবুল হোসেন বলেন, ‘জ্বি স্যার’।গতকাল সোমবার বিডিআরের সিলেট সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ ৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা মামলার ১৪ আসামি প্রথমে নিজেদের নির্দোষ দাবি করেন। পরে ভিডিও ও স্থিরচিত্র দেখালে তাঁরা নিজেদের দোষ স্বীকার করেন। এর পর আদালত ওই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ২০ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়। আজ সকাল সাড়ে আটটা থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।গতকাল সকাল সাড়ে আটটায় বিশেষ আদালতের কার্যক্রম শুরু হয়। মামলার কৌঁসুলি ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর শুরুতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে উপস্থাপন করেন। এ সময় আদালত আসামিদের প্রত্যেকের নাম ধরে ‘দোষী না নির্দোষ’ বলে জানতে চান। আসামিদের জবাব শোনার পর আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযুক্তরা হচ্ছেন সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর গৌরাঙ্গ চন্দ্র দাস, নায়েব সুবেদার আবুল হোসেন, তিনজন হাবিলদার আবদুল জলিল, বদিউল আলম ও মনিরুজ্জামান শেখ, নায়েক হারুন অর-রশিদ, নায়েক সহকারী আবদুল ওয়াহিদ, চারজন ল্যান্সনায়েক খান হিরু উল্লাহ, আবদুর রহিম, বিপ্লব কুমার পণ্ডিত ও ওমর ফারুক এবং তিনজন সিপাহি মনিরুজ্জামান, সুমন মারমা ও তরিকুল ইসলাম।আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের পরের দিন সুনামগঞ্জে ৮ রাইফেল ব্যাটালিয়নের কয়েকজন জওয়ান বিদ্রোহ করেন। ওই ঘটনার বিচার করতে গত ২ এপ্রিল সিলেট নগরের আখালিয়া এলাকায় বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালত-৩ গঠন করা হয়। প্রথম দিন ওই ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবদুল ওয়াহিদ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ তুলে ধরেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন। এর পর আসামিদের আদালতে হাজির করা হয়। পরবর্তী সময়ে আদালত ২৮ জুন অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন।