সিলেটে ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর সিলেট সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলার ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে আজ। বিশেষ আদালতে সভাপতিত্ব করবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। গতকাল রোববার বিকেলে বিডিআর সিলেট সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচারকার্যে সহযোগিতার জন্য উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি, একজন লে. কর্নেল ও একজন মেজর পদবির বিডিআর কর্মকর্তা।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ এপ্রিল এ আদালতে সুনামগঞ্জের ৮ রাইফেল ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলার বিচারকাজ শুরু হয়। ২ ও ৩ এপ্রিল মামলার শুনানি শেষে ২৮ জুন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ নির্ধারণ করে আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম।মামলার প্রসিকিউটর ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম ঠাকুর বিচারকাজের শুরুতে পর্যায়ক্রমে আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ উপস্থাপন করবেন। এরপর বিচারকাজ শুরু হবে। আদালতে আসামিদের সহায়তার জন্য থাকবেন মেজর মোহাম্মদ সাইফুল ওয়াদুদ।