সিলেটে ১৮-দলীয় জোটের শান্তিপূর্ণ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছাত্রলীগ-যুবলীগ পাল্টা কর্মসূচি আগের রাতে প্রত্যাহার করে নেওয়ায় গতকাল শুক্রবার ১৮-দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গত বৃহস্পতিবার দিনের বেলা ছাত্রলীগ-যুবলীগ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে উত্তেজনার সৃষ্টি হয়।
বিএনপি ও জোটের শরিক দলগুলোর কয়েক হাজার নেতা-কর্মী গতকাল দুপুর থেকে কোর্ট পয়েন্টে জড়ো হন। বেলা সাড়ে তিনটার দিকে পুরো এলাকা লোকারণ্যে পরিণত হয়। তবে সমাবেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সিলেট মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮-দলীয় জোটের সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের, মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি বদরুজ্জামান, নোমান মাহমুদ, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা মহাজোট সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। তাঁরা বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে অবৈধ এই সরকারের পতন ঘটানো হবে। বক্তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠনেরও প্রত্যয় ব্যক্ত করেন।
কোর্ট পয়েন্টের সমাবেশ শুরুর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা রংমহলে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। সেখানেও বিএনপি ও জামায়াতের নেতারা বক্তৃতা করেন। রংমহল পয়েন্টে গিয়ে সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র। এদিকে পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণায় গতকাল সিলেট নগর ছিল অন্য রকম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল। নগরে যানবাহন চলাচল ও পথচারীদের সংখ্যা তুলনামূলক কম ছিল। বিপণিবিতানগুলো ছিল বন্ধ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব প্রথম আলোকে জানান, একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় রাতে উভয় পক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগ তাদের সমাবেশ প্রত্যাহার করে নেয়।
সমাবেশ আহ্বান করে প্রত্যাহার করে নেওয়া প্রসঙ্গে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরুল হাসান বলেন, পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ছাত্রলীগ-যুবলীগের কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।