সিলেটে ১৮ দলের একক প্রার্থী দিতে আজ শেষ চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের একজন নেতাকে মেয়র পদপ্রার্থী করতে তোড়জোড় শুরু হয়েছে। ১৮ দলের শরিক বিএনপি থেকে চারজন ও জামায়াতে ইসলামীর একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী আজ রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিএনপি সূত্রে জানা গেছে, চারজন প্রার্থীর মধ্যে আরিফুল হকের প্রতি কেন্দ্রীয় বিএনপির সমর্থন আছে। একক প্রার্থী নির্ধারণের জন্য আজ ১৮-দলীয় জোট স্থানীয়ভাবে সভা আহ্বান করেছে।

সূত্র জানায়, আরিফুল হকের প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সমর্থনের কথা অন্য মেয়র পদপ্রার্থীদের জানানো হয়েছে। অপর তিন মেয়র পদপ্রার্থী নগর বিএনপির সহসভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামানকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে। যদিও গতকাল পর্যন্ত কেউই নির্বাচন থেকে সরে দাঁড়াননি।

সিলেট বিএনপি এখন নগর জামায়াতের আমির ও মেয়র পদপ্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের প্রার্থিতা প্রত্যাহারের জন্য কাজ শুরু করেছে। স্থানীয় জামায়াতের নেতাদের সঙ্গে আজ বৈঠক হওয়ার কথা আছে।