সিলেটে ১৮ দলের সমন্বয় কমিটির আহ্বায়ক ইলিয়াস আলী
প্রায় পাঁচ মাস ধরে ‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে আহ্বায়ক করে সিলেটে ১৮ দলীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বিএনপিসহ সমমনা দলগুলোর পর্যায়ক্রমিক বৈঠক শেষে গত বৃহস্পতিবার সিলেটের সমন্বয় কমিটি চূড়ান্ত হয়। আহ্বায়ক মনোনীত হওয়ার পর শুক্রবার রাতে কমিটি ঘোষণা করা হয়।সমন্বয় কমিটির আহ্বায়ক হিসেবে ইলিয়াস আলীকে রাখা প্রসঙ্গে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সাংসদ দিলদার হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়ভাবে সমন্বয় কমিটি গঠনের প্রক্রিয়ায় আমরা কেন্দ্রীয় কমিটির নির্দেশেই ইলিয়াস আলীকে আহ্বায়ক করেছি। এতে তাঁর সন্ধান দাবির আন্দোলন বিএনপি ছাড়িয়ে ১৮ দলেও সমানভাবে ছড়িয়ে যাবে।’ সিলেটে ১৮ দলীয় জোটের ৭১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটিতে বিএনপি থেকে ১১ জন, জামায়াত থেকে পাঁচজন এবং অন্যান্য দল থেকে তিনজন করে যুগ্ম আহ্বায়ক করা হয়। বিএনপির যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ দিলদার হোসেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মতিউর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।