‘নিখোঁজ’ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবার তাঁর নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠন যৌথভাবে ২৩ দিনব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। কাল বৃহস্পতিবার গণস্বাক্ষর কর্মসূচি দিয়ে আন্দোলন শুরু হবে। শেষ হবে আগামী ১ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে ২১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের মাধ্যমে। সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় ইলিয়াস আলীর সিলেটের বাসায় গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সমেঞ্চলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি হচ্ছে: ৮ থেকে ৩০ নভেম্বর গণস্বাক্ষর সংগ্রহ, পাশাপাশি ৯ থেকে ১৬ নভেম্বর গণসংযোগ ও প্রার্থনা, ১৭ নভেম্বর গণ-অনশন এবং ১ ডিসেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে ২১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন। ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন। তাঁর সন্ধানের দাবিতে লাগাতার হরতাল চলাকালে ২৩ এপ্রিল বিশ্বনাথে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের দুই নেতাসহ তিনজন নিহত হন। তাঁর সন্ধানের দাবিতে বিএনপিসহ অঙ্গসংগঠনের পাশাপাশি ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ গঠন করে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি চলছিল। এ আন্দোলনের পাশাপাশি এবার ইলিয়াসের নির্বাচনী এলাকার সংগঠন থেকে যৌথ কর্মসূচি ঘোষণা করা হলো। সংবাদ সমেঞ্চলনে বলা হয়, ইলিয়াসের সন্ধানের দাবির আন্দোলন ও সরকার পতনের আন্দোলন এখন একীভূত হয়ে পড়েছে। ইলিয়াস আলীর নির্বাচনী এলাকার (সিলেট-২) চারটি সাংগঠনিক কমিটির পক্ষে সংবাদ সম্মেলনে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি মো. জালালউদ্দিন, বালাগঞ্জ বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার, ওসমানীনগর বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ইলিয়াস আলীর ব্যক্তিগত কর্মকর্তা মো. ময়নুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা উপস্থিত ছিলেন।