বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে ৩০ এপ্রিল নগর বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণার পর এবার জেলা বিএনপি আগের দিন ২৯ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। বুধবার রাতে জেলা বিএনপির জরুরি সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। ২১ এপ্রিল শহরের কোর্ট পয়েন্টে সমাবেশ করে নগর বিএনপি ৩০ এপ্রিল হরতাল ঘোষণা করেছিল।জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী গত বছরের ১৭ এপ্রিল ‘নিখোঁজ’ হন। বিরোধী রাজনৈতিক শক্তিকে দুর্বল করতে আওয়ামী লীগ সরকারই দুজনকে গুম করে রেখেছে। এক বছর পরও তাঁদের কোনো সন্ধান না পাওয়ায় ২৯ এপ্রিল হরতাল আহ্বান করা হয়েছে।নগরের লামাবাজারে বুধবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেনের সভাপতিত্বে সভা থেকে হরতাল সফল করতে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।আজ শুক্রবার বিকেলে সিলেটের সব উপজেলা, থানা ও পৌর বিএনপির সাংগঠনিক নেতাদের নিয়ে জরুরি সভা, শনি ও রোববার উপজেলা সদরগুলোতে বিক্ষোভ এবং গণসংযোগ হবে।