সিলেটে ৫০টি অবৈধ করাতকল ধ্বংস হচ্ছে বনাঞ্চল
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ বাজারে ঢোকার মুখে একটি করাতকল। তবে এটির কোনো নাম নেই, নেই সরকারি অনুমোদনও। আছে শুধু স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ‘অনাপত্তি সনদপত্র’। করাতকলের এক পাশে বন থেকে সদ্য কেটে আনা নানা জাতের গাছের গুঁড়ি থরে থরে সাজানো আছে। অন্য পাশে কাঠের স্তূপ।শুধু ওই একটি করাতকল নয়, সিলেট জেলার ছয় সীমান্ত উপজেলা কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও বিয়ানীবাজারে ৫০টি করাতকল চলছে সরকারি বিধিমালা লঙ্ঘন করে। জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি এই ৫০টি অবৈধ করাতকলের তালিকা তৈরি করেছে।২০০২ সালের ১৭ জানুয়ারি সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রজ্ঞাপনে করাতকল স্থাপন ও পরিচালনা সম্পর্কিত বিধিমালায় বলা হয়েছে, সংরক্ষিত কোনো বনাঞ্চল ও সীমান্ত এলাকার ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না।মমতাজগঞ্জ বাজারের ওই করাতকল থেকে কানাইঘাটের সংরক্ষিত বনাঞ্চলের দূরত্ব বড়জোর আধা কিলোমিটার হবে। এ ছাড়া করাতকল থেকে সীমান্ত এলাকার দূরত্ব দুই কিলোমিটারও হবে না। সরকারি বিধিমালা অনুযায়ী উভয় দিক থেকে এই করাতকল স্থাপন অবৈধ হলেও প্রায় দুই বছর ধরে চলছে এটি।সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭টি করাতকল অবৈধভাবে চলছে কানাইঘাট উপজেলায়। এ ছাড়া গোয়াইনঘাটে ১৩টি, জকিগঞ্জে সাতটি, কোম্পানীগঞ্জে ছয়টি, বিয়ানীবাজারে পাঁচটি ও জৈন্তাপুরে দুটি করাতকল চলছে অবৈধভাবে।এই তালিকার সূত্র ধরে কয়েকটি করাতকলে গিয়ে দেখা গেছে, করাতকলগুলোতে স্তূত করে রাখা কাঠের বেশির ভাগই সংরক্ষিত বনাঞ্চলের।মমতাজগঞ্জ বাজারের নামহীন ওই করাতকলটির পরিচালক ইকবাল বাহার স্বীকার করেন, নীতিমালা লঙ্ঘন করে করাতকলটি স্থাপিত হয়েছে।ওই করাতকলের প্রায় আধা কিলোমিটার দূরে মমতাজগঞ্জ বাজারের পূর্ব দিকে দেখা যায় আরেকটি করাতকল। সেটিরও একই অবস্থা। কোনো নাম অনুমোদন নেই। করাতকলটির ব্যবস্থাপক জানান, তাঁরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে অনাপত্তি সনদ নিয়ে করাতকল চালাচ্ছেন। তবে অনুমোদনের জন্য আবেদনও করেছেন।অনাপত্তি সনদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্থানীয় লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান শফিকুল হক জানান, করাতকল স্থাপন করলে আশপাশ এলাকার পরিবেশদূষণের কোনো আশঙ্কা নেই মর্মে অনাপত্তি সনদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি লাইসেন্স পেতে এ সুপারিশ করেছি। চালুর জন্য করিনি।’জকিগঞ্জের আটগ্রামে আরেকটি নামবিহীন করাতকল দেখা যায়। কলের আশপাশের এবং সামনের জায়গা ভরা পাহাড়ি কাঠে। আশপাশের বাসিন্দারা জানান, করাতকলটি দিনে নয়, গভীর রাতে চলে।কানাইঘাট ও জৈন্তাপুর বন বিভাগের বিট কর্মকর্তা নাছিরউদ্দিন জানান, অবৈধ করাতকল বন্ধের ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির একজন সদস্য জানান, সর্বশেষ তিনটি সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। তিনি বলেন, সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় অবৈধ করাতকলের সংখ্যা বেশি। এ কারণে বনাঞ্চল ঝুঁকির মুখে চলে যাচ্ছে।এ ব্যাপারে কমিটির সদস্য সচিব ও সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কমিটির সভায় অবৈধ করাতকল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে উচ্ছেদে অভিযান চালানোর ক্ষেত্রে আইনি জটিলতা আছে। আইনি বিষয়টি সমাধান করে অচিরেই উচ্ছেদে অভিযান চালানো হবে।