সিলেটে ৬০ কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাবশালী ঠিকাদার ও আওয়ামী লীগের নেতাদের সমঝোতায় সিলেটে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ৬০ কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সিলেটে চলতি দায়িত্বে থাকা সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে নেতাদের উপস্থিতিতে এই ভাগ-বাঁটোয়ারা হয়।
অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের নির্দেশে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম একরামউল্লাহ তাঁর দপ্তরে বসে বড় বাজেটের এই কাজ ভাগ-বাঁটোয়ারা করেন। কাজ পাওয়া আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের স্থানীয় নেতারা পরিচালনা করেন।
সওজ সূত্র জানায়, সিলেট বিভাগের চার জেলায় সড়ক-মহাসড়ক সংস্কারের জন্য নেওয়া ‘পিএমপি’ প্রকল্পে ৬০ কোটি টাকার কাজের দরপত্র দাখিলের শেষ দিন ও দরপত্র খোলার দিন ছিল গতকাল। আটটি গ্রুপে কাজের দরপত্রের অনুকূলে ২০০ শিডিউল বিক্রি হলেও মাত্র ২৭টি দরপত্র দাখিল হয়েছে। এর মধ্যে আবার ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে সমঝোতা হয়। গতকাল সন্ধ্যার পর ১০টি প্রতিষ্ঠান থেকে বাদ পড়ে আরও দুটি। শেষে আটটি গ্রুপের কাজ আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে সওজ।
আটটি গ্রুপের কাজ হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর-ভৈরব-মিরপুর একটি, সিলেট-তামাবিল এশিয়ান মহাসড়কের তামাবিল-জাফলং তিনটি, সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ-ছাতক, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ, শ্রীমঙ্গল-মিরপুর ও সিলেটের সালুটিকর-কোম্পানীগঞ্জ সড়কে একটি করে।
ঠিকাদারদের সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের আটটি গ্রুপের কাজ ভাগ-বাঁটোয়ারা করতে গত সোমবার রাতে নগরের রায়নগরে সওজ রেস্টহাউসে অতিরিক্ত প্রধান প্রকৌশলী একরামউল্লার উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে মিসবাহউদ্দিনসহ সওজের ঠিকাদারির সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের নেতারা ভাগ-বাঁটোয়ারার বিষয়টি তোলেন। বৈঠকে ঠিকাদারদের পক্ষে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফুর রহমান ও ‘সওজ ঠিকাদার সমিতি’-এর সভাপতি ও সিলেট নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর।
সওজ সূত্র জানায়, সোমবার মধ্যরাত পর্যন্ত চলা ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেলে অফিস সময় শেষ হওয়ার পরই আটটি গ্রুপের কাজ আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। লুৎফুর ও ফয়জুলের ঠিকাদারি প্রতিষ্ঠানসহ ছয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান ৬০ কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা করে নেয়। এতে সরকার প্রায় ছয় কোটি টাকা হারাবে বলে দরপত্রে অংশ নেওয়া একাধিক ঠিকাদার জানান।
মিসবাহউদ্দিন দাবি করেন, তিনি সিলেট অঞ্চলে দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। এ ধরনের কোনো প্রক্রিয়ার বিষয়ে তাঁর জানা নেই। তিনি বলেন, ‘রাজনীতির পাশাপাশি আমি সরকারি কৌঁসুলি (পিপি)। ঠিকাদারির বিষয়ে আমার নাম আসবে কেন?’
সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একরামউল্লাহ দাবি করেন, এ ধরনের কোনো সমঝোতা বা ভাগ-বাঁটোয়ারা হয়নি। এ ধরনের সমঝোতা অফিসের বাইরে কেউ করে থাকলে তা তাঁর জানা নেই।’
গতকাল সন্ধ্যায় ফয়জুল বলেন, এ ধরনের কোনো প্রক্রিয়ার কথা তিনি শোনেননি। তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠানও কোনো কাজ পায়নি। এর ১৫ মিনিট পর তিনি নিজেই আবার ফোন করে বলেন, ‘আমি খবর নিয়ে জেনেছি, ভাগ-বাঁটোয়ারা করার একটি প্রক্রিয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি।’ ওই প্রক্রিয়া কারা করছিল এমন প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।