সিলেটে ৬০ কোটি টাকার সেই দরপত্র বাতিল
আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালী ঠিকাদারদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়া সিলেটে সড়ক ও জনপথের (সওজ) ৬০ কোটি টাকার কাজের সেই দরপত্র অবশেষে বাতিল হয়েছে। গত সোমবার ঢাকায় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের রক্ষণাবেক্ষণ অধিশাখার জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত হয়।
উপসচিব মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত দরপত্র বাতিল-সংক্রান্ত চিঠি গতকাল মঙ্গলবার সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে।
সওজ থেকে জানা যায়, সিলেট অঞ্চলে সড়ক-মহাসড়ক সংস্কারকাজের আটটি গ্রুপের প্রায় ৬০ কোটি টাকার কাজের দরপত্র ভাগ-বাঁটোয়ারা হয়। সাধারণ ঠিকাদারদের অংশগ্রহণ ঠেকাতে তিন দফা তারিখ পরিবর্তনের পর গত ৩১ ডিসেম্বর দরপত্র খোলা হয়। ২০৩টি শিডিউল বিক্রি হলেও সওজের অতি গোপনীয়তায় ১৭৬টি প্রতিষ্ঠানই দরপত্রে অংশ নিতে পারেনি।
সিলেটে ওই সময় দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কিউ এম ইকরামউল্লাহর দপ্তরে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। গত ১ জানুয়ারি প্রথম অলোয় ‘সিলেটে সওজের ৬০ কোটি টাকার কাজ ভাগ-বাঁটোয়ারা!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তাঁকে তাৎক্ষণিক প্রত্যাহার করে ইফতেখার কবিরকে দায়িত্ব দেওয়া হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও সওজের প্রধান প্রকৌশলীর দপ্তরের একটি দল ৪ ফেব্রুয়ারি সরেজমিনে তদন্ত করে দরপত্র ভাগ-বাঁটোয়ারা করার অভিযোগের সত্যতা পায়।