সিলেটে ৬১ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় ৬১ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পাওয়া প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়। সিলেটে বিডিআর বিদ্রোহের বিচারের জন্য গঠিত বিশেষ আদালত-১৪-এর সভাপতি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সিলেট সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ গতকাল সোমবার এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্র জানায়, সর্বোচ্চ সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে ছয়জনকে। একজনের ছয় বছর, একজনের সাড়ে পাঁচ বছর, পাঁচজনের পাঁচ বছর করে সাজা হয়েছে। চারজনকে সাড়ে চার বছর করে ও ১০ জনকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ছয়জনের তিন বছর করে, দুজনের সাড়ে তিন বছর করে, নয়জনের আড়াই বছর করে সাজা হয়েছে। এ ছাড়া নয়জনের দুই বছর করে, তিনজনের দেড় বছর করে, দুজনের এক বছর করে, দুজনের ছয় মাস করে এবং একজনের চার মাসের কারাদণ্ড হয়।সর্বোচ্চ সাজা পাওয়া ব্যক্তিরা হলেন হাবিলদার হুমায়ুন কবির, নায়েক সারওয়ার আলম, ল্যান্স নায়েক আবু সাঈদ সরকার, সিপাহি বশির আহমেদ ও ফারুক হোসেন এবং সিগন্যালম্যান এস এম আবদুল্লাহ আল মামুন। সর্বনিম্ন চার মাসের সাজা হয়েছে সিপাহি জয়নাল আবেদীনের।সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণার মধ্য দিয়ে সিলেটের বিশেষ আদালত-১৪-এর কার্যক্রমও সমাপ্ত ঘোষণা করেন আদালত। সভাপতি এস এম ফরহাদ ছাড়া বিচারকমণ্ডলীর অন্য দুই সদস্য ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ। আদালতে কৌঁসুলির দায়িত্ব পালন করেন সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের অধিনায়ক মেজর এ কে এম আওরঙ্গজেব।রায় ঘোষণার পর সাজা পাওয়া জওয়ানদের দুটি বাসে করে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এ সময় সিলেট বিজিবির সদর দপ্তরের প্রধান ফটকের সামনে দণ্ড পাওয়া জওয়ানদের বেশ কয়েকজন স্বজন কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ রাস্তায় লুটিয়ে পড়ে আর্তনাদ করেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিলেটেও ওই জওয়ানরা বিদ্রোহ করেন। এ ঘটনায় বিডিআর আইনের মামলায় গত বছরের ২০ অক্টোবর তাঁদের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়।