সিলেটে ৬১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ৩৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় গতকাল সোমবার ৬১ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১৫ রাইফেল ব্যাটালিয়ন এবং খাগড়াছড়ির ২৯ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিলেট: বিডিআরের সিলেট সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এর কার্যক্রম সকাল সাড়ে আটটায় শুরু হয়। প্রথমে কৌঁসুলি আসামিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। এরপর আদালত ১০ মিনিটের জন্য মুলতবি করা হয়। পরে আদালত ৬১ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযুক্ত ৬১ জনের মধ্যে ২৭ জন দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। বাকি ৩৪ জন নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আদালতে এই ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ৩৮ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী সালাউদ্দিনসহ আটজন সাক্ষ্য দেন। বিকেল পাঁচটায় আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় সাক্ষ্য গ্রহণ আবার শুরু হবে।বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়িতে বিডিআরের ১৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ২৪ জন সাক্ষীর মধ্যে গতকাল আটজনের সাক্ষ্য নেওয়া হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল প্রশিক্ষণকেন্দ্র ও বিদ্যালয়ে (আরটিসিএনএস) গঠিত বিশেষ আদালত ১৬-এ সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। আটজন সাক্ষীর সবাই অভিযুক্ত ব্যক্তিদের বর্বরতার কথা তুলে ধরেন। গতকাল আরও একজন আসামি দোষ স্বীকার করে আদালতের কাছে অনুকম্পা চান। রোববার সাতজন আসামি দোষ স্বীকার করেন। আদালতের বিচারক প্যানেলের সভাপতি বিডিআরের রাঙামাটি সেক্টরের কমান্ডার কর্নেল বশিরুল ইসলাম আজ মঙ্গলবার নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন। খাগড়াছড়ি: বিডিআরের খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জন জওয়ানের বিরুদ্ধে সকাল সোয়া নয়টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আদালতের সভাপতির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল জাহেদুর রহমান।আদালতে ৫৫ জন সাক্ষীর মধ্যে গতকাল তিনজন সাক্ষ্য দেন। তাঁরা হলেন মামলার বাদী নায়েক সুবেদার আকরাম হোসেন, সিগন্যাল ম্যান আবদুল ওয়ারেশ ও লেফটেন্যান্ট কর্নেল আজিজুর রহমান। আসামিরা আকরাম হোসেন ও আবদুল ওয়ারেশকে জেরা করেন। আদালত আজ সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন।