সিলেটে ৭০ লাখ টাকাসহ গ্রেপ্তার তিনজন ৭ দিনের রিমান্ডে
সিলেটে ইউনিলিভার বাংলাদেশের সিলেট ডিপো অফিসের ৭০ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীসহ বাসার মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আইনুল হক (২৪), কাওসার আহমদ (২৫) ও মামুনুর রশিদকে (৩০) সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী প্রথম আলোকে জানান, রাতেই তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গতকাল রোববার বেলা একটার দিকে নগরের কাজিটুলা এলাকা থেকে ৭০ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনার প্রায় ছয় ঘণ্টার মাথায় ছিনতাইকারী শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। নগরের উত্তর বালুচর এলাকার একটি বাসার সামনে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা দেখে বাসায় তল্লাশি চালানো হয়। সন্ধ্যা সাতটার দিকে একটি পলিথিনের বস্তার মধ্যে ৭০ লাখ টাকা পায় পুলিশ। এ ঘটনায় ইউনিলিভার ডিপো অফিসের হিসাবরক্ষক মুহিবুর রহমান বাদী হয়ে ধরা পড়া তিনজনসহ মুত্তাকিন আহমদ ওরফে সুজন নামের পলাতক একজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় টাকাসহ ধরা পড়া দুজন এবং বাসার মালিককে গ্রেপ্তার দেখানো হয়।
উদ্ধার করা টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ তালিকা করে আদালতে জমা দেওয়া হয়েছে বলেও জানান নুরুল হুদা আশরাফী।